গোপনীয়তা
ডেঙ্গুসেফ ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট লাগে না। নিচে ঠিক কী কী তথ্য রাখা হয় আর কী রাখা হয় না, তা লেখা আছে।
যা কখনো চাওয়া হয় না
- কোনো অ্যাকাউন্ট বা লগইন নেই
- নাম, ইমেইল বা ফোন নম্বরের কোনো ঘর নেই
- জন্মতারিখ, এনআইডি বা পরিচয়সূচক কিছুই নয়
সাইট ঘুরে দেখলে কী হয়
কিছুই সংরক্ষণ করা হয় না। এই সাইটে কোনো অ্যানালিটিক্স, ট্র্যাকিং স্ক্রিপ্ট বা বিজ্ঞাপনের কোড নেই, আর সাইট আপনার ব্রাউজারে কোনো কুকি বসায় না।
- অন্ধকার বা আলো থিমের পছন্দটি শুধু আপনার ব্রাউজারে থাকে (localStorage) — সেটি কখনো আমাদের কাছে আসে না
- হোম পেজে "বর্তমান অবস্থান ব্যবহার করুন" চাপলে ব্রাউজার অনুমতি চাইবে; অবস্থান দিয়ে শুধু কাছের বিভাগটি বেছে দেওয়া হয়, কোথাও পাঠানো বা সংরক্ষণ করা হয় না
রিপোর্ট পাঠালে কী সংরক্ষণ হয়
জনগণের রিপোর্ট পাঠানোর সময় আপনি যা লেখেন সেটুকুই রাখা হয় — সঙ্গে স্প্যাম ঠেকানোর জন্য একটি হিসাব।
- এলাকা, সমস্যার ধরন, তীব্রতা আর আপনার লেখা বিবরণ
- একটি রিপোর্ট নম্বর (যেমন R-2026-A7K3M), যা অনুমান করে বের করা যায় না
- ব্রাউজারের মোটা দাগের পরিচয় — যেমন "Chrome/Android"। পুরো ইউজার-এজেন্ট নয়
- আপনার আইপি ঠিকানা থেকে তৈরি একটি হিসাব (নিচে বিস্তারিত)
আইপি ঠিকানা কখনো সংরক্ষণ করা হয় না
ঘণ্টায় কতগুলো রিপোর্ট আসছে তা গোনার জন্য একটি উপায় দরকার, না হলে একজনই হাজারটা পাঠিয়ে দিতে পারে। কিন্তু আপনার আইপি ঠিকানাটি কোথাও লেখা হয় না।
- আইপি থেকে একটি অপরিবর্তনীয় হিসাব (হ্যাশ) তৈরি হয়, আর সেটিই রাখা হয়
- এই হিসাব তৈরির চাবিটি প্রতিদিন বদলে যায়
- পুরোনো চাবি ৪৮ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যায় — তারপর ওই হিসাব থেকে আর কোনো আইপিতে ফেরা যায় না, আমাদের পক্ষেও না
- ফলে গতকালের আর আজকের রিপোর্ট একই ব্যক্তির কিনা, সেটি বের করার উপায় থাকে না
ছবি
ছবি যোগ করার সুবিধা এখনও চালু হয়নি। চালু হলে ছবি থেকে লোকেশন ও ডিভাইসের তথ্য (EXIF) স্থায়ীভাবে মুছে ফেলা হবে, আর মূল ফাইলটি রাখা হবে না — এই পাতাটিও তখন হালনাগাদ হবে।
প্রকাশের আগে একজন মানুষ দেখেন
আপনার লেখায় ফোন নম্বর, এনআইডি বা লিংকের মতো কিছু পাওয়া গেলে লেখাটি সঙ্গে সঙ্গে প্রকাশ হয় না — একজন মানুষ দেখে সিদ্ধান্ত নেন।
কিছু সরাতে বললে
প্রকাশিত কোনো রিপোর্ট আপনার বাসা বা ব্যক্তিগত জায়গার হলে ওই রিপোর্টের পাতা থেকে সরানোর অনুরোধ পাঠানো যায়। অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবি লুকিয়ে ফেলা হয়, তারপর একজন মানুষ দেখে সিদ্ধান্ত নেন। এর জন্য কোনো অ্যাকাউন্ট লাগে না।
যাদের হাত দিয়ে তথ্য যায়
সাইটটি চালাতে কয়েকটি সেবা ব্যবহার করা হয়, আর সেগুলো কারিগরিভাবে আপনার সংযোগের তথ্য (যেমন আইপি) দেখতে পায় — যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই যেমন হয়। আমরা ওই তথ্য আলাদা করে সংরক্ষণ করি না।
- MongoDB Atlas — তথ্য যেখানে জমা থাকে
- Render — সার্ভার
- Vercel — ওয়েবসাইট
প্রশাসকের লগইন
শুধু যাঁরা রিপোর্ট যাচাই করেন তাঁদের জন্য একটি আলাদা লগইন আছে, আর সেখানে একটি সেশন কুকি ব্যবহার হয়। সাধারণ দর্শনার্থীর ব্রাউজারে ওই কুকি কখনো যায় না।
এই পাতাটি সর্বশেষ হালনাগাদ হয়েছে ২০২৬-১০-০৬